ভাঙাচোরা সড়কে চরম দুর্ভোগ, ঝুঁকিপূর্ণ কালভার্টে আতঙ্ক কচুয়ার শত শত মানুষের
01/01/1970 12:00:00নকীব মিজানুর রহমান
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সাইনবোর্ড ইসলামী ব্যাংক থেকে সৌলডুবি এলাকার আমজাদ হুজুরের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইটের সলিং সড়কটি ভেঙে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। পাশাপাশি সড়কের একটি ঝুঁকিপূর্ণ কালভার্ট চলাচলের ক্ষেত্রে বাড়তি আতঙ্ক তৈরি করেছে।
স্থানীয়রা জানান, ৬ নম্বর রাড়ীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই সড়কটি উত্তর চান্দেরকোলা, বিছট, পানবাড়িয়া বিলকুল, সোলারকোলাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম সহজ পথ। প্রতিদিন এসব এলাকার শত শত মানুষ সময় ও দূরত্ব কমাতে সড়কটি ব্যবহার করেন।
এ ছাড়া সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াত করে গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সোলারকোলা-গোয়ালমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবদিগন্ত আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। স্থানীয় প্রায় ১২০টি পরিবারের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ আলী মোল্লা বলেন, সড়কটি এলাকার মানুষের জন্য সহজ যোগাযোগের পথ হওয়ায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করে আসছেন স্থানীয়রা। কিন্তু বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কালভার্টের ঝুঁকিপূর্ণ অংশটি শিশু শিক্ষার্থীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা ওয়াজেদ আলী মোল্লা, রুহল শেখ, সাধন বাইতি, কামরুজ্জামান শেখ, আমজাদ শেখ ও বিষ্ণু দাসসহ অনেকে জানান, সাইনবোর্ড বাজার থেকে আশপাশের গ্রামগুলোতে যাতায়াতের ক্ষেত্রে এই সড়কটি সবচেয়ে সুবিধাজনক। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। কেউ কেউ পড়ে গিয়ে আহত হয়ে চিকিৎসা নিতেও বাধ্য হয়েছেন বলে জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ইটের সলিং উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়। ঝুঁকিপূর্ণ কালভার্টটি নতুন করে নির্মাণ করা হলে এবং পুরো সড়কে কার্পেটিং করা হলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।
স্থানীয়দের দাবি, জনসাধারণ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কার এবং ঝুঁকিপূর্ণ কালভার্টটি পুনর্নির্মাণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যেরও কার্যকর নজরদারি ও সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
