Logo
table-post
মোংলায় ৩৮১ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি
মোংলায় স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র)। ১৬ সেপ্টেম্বর, বুধবার দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে উন্নতমানের শিক্ষা উপকরণ এবং ২২ জন শিক্ষার্থীর হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে দ্বিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮১ জন ছাত্র-ছাত্রীর প্রত্যেকের হাতে আকর্ষণীয় স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, পানির বোতল ও টিফিন বক্সসহ প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী অসচ্ছল ২২ জন ছাত্র-ছাত্রীকে (ছেলে ও মেয়ে) নিজস্ব ব্যবহারের জন্য একটি করে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের এই মানবিক ও সামাজিক উপহার পেয়ে খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক উৎসবমুখর আনন্দের সৃষ্টি হয়।


দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে আয়োজিত এই বর্ণাঢ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম এবং মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি এবং অভিভাবক সদস্য বিধান গাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৮ থেকে ১১ শতাংশ পর্যন্ত পূরণ করছে। জাতীয় গ্রিডে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে এক বিশাল ভূমিকা রাখছে।


তিনি আরও বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদনই আমাদের মূল লক্ষ্য নয়। আমরা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও সমানভাবে দায়বদ্ধ। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা ও রামপাল এলাকার অবহেলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আমরা নিয়মিত সামাজিক দায়বদ্ধতা মনে করে উন্নয়ন, শিক্ষা ও সেবা মুলক কার্যক্রম পরিচালনা করছি। এর অংশ হিসেবে আমরা প্রতিবছর গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছি।


পরিবেশ সুরক্ষায় বিদ্যুৎ কেন্দ্রের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মোঃ আনোয়ারুল আজিম জানান, সরকারের অগ্রাধিকার ভিত্তিক পরিবেশবান্ধব নীতিমালার সাথে সংগতি রেখে তারা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে এই এলাকায় জলবায়ুর ভারসাম্য রক্ষায় ১ লাখ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে এবং সেগুলো টিকিয়ে রাখতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের এই ধরণের সমাজসেবামূলক কর্মকান্ড ভবিষ্যতেও আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ কর্তৃপক্ষের কর্মকর্তারা। 

@bagerhat24.com