ফকিরহাটের খাজুরায় পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত: আহত-২
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে অটোভ্যানে গরু বহন করে নিয়ে যাওয়ার পথে ভ্যানের পিছনে সোহাগ পরিবহণের ধাক্কায় ভ্যানযাত্রী মো: জাহিদুল ইসলাম খলিল (৪৭) নামের একজন নিহত হয়েছেন। এসময় নিহতের পুত্র নাহিদ হাসান (২০) ও অজ্ঞাত ভ্যানচালক গুরুতর আহত হয়ে খুমেকে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুরের খাজুরা বিদ্যুৎ অফিসের পাশে।
নিহত মো: জাহিদুল ইসলাম খলিল খুলনার লবনচরার মোক্তার হোসেন সড়ক এলাকার আব্দুল ছামাদ আকনের পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে হতাহতরা উপজেলা বেতাগা পশুরহাট থেকে একটি গরু ক্রয় করে অটোভ্যানযোগে খুলনার লবনচরার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহণ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মো: জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলে মারা যান। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদের মধ্যে নিহতের পুত্র নাহিদ হাসান আশংকাজনক বলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন। উপজেলা মেডিকেল অফিসার ডা: সৈয়দা রেহেনা আক্তার জানান, সড়ক দুর্ঘটনার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সোহাগ পরিবহনটি আটক করা হলেও তার চালক ও সহকারীরা পালিয়ে গেছে।
