Logo
table-post
ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময়
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে যোগ্য ও লোভহীন প্রার্থী বাছাই করার লক্ষ্যে মোংলার মিঠাখালী ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের আগর বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো: শহিদুল ইসলাম।


সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, মোংলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করে আমরা ভুল করেছি। তৃণমূলের ভোটে বা সমর্থনে যারা নেতা নির্বাচিত হয়েছেন, তারা দুর্দিনের সময় যারা বিএনপি করে অত্যাচার নির্যাতন সয্য করে দলকে সুসংগঠিত করে রেখেছি, তাদের দিকে না তাকিয়ে এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন।
বক্তারা আরও অভিযোগ করে বলেন, এলাকায় বর্তমানে ঘের লুট, জমি দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী ও রাহাজানির মতো অপরাধমূলক কর্মকান্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তৃণমূলের সাধারণ মানুষ ও ত্যাগী নেতা-কর্মীরা এমন পরিস্থিতি কখনোই আশা করেননি।


তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তৃণমূলের নেতারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা আর কোনো লোভী বা বিতর্কিত লোককে প্রার্থী হিসেবে দেখতে চাই না। আমরা এমন একজনকে নির্বাচিত করতে চাই, যার কোনো লোভ-লালসা থাকবে না। যিনি আমাদের সুখ-দুঃখের সাথী হবেন এবং সবাইকে সাথে নিয়ে মিলেমিশে চলবেন। আগামী ৫ বছর দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেই সৎ ও যোগ্য ব্যক্তিই ইউনিয়নের অভিভাবক হবেন বলে সভায় একমত পোষণ করা হয়।


মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোল্লা গোলাম রসুল, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক লাভলু গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম রিজাউল ইসলাম, ছাত্রনেতা রনি মোল্লা, যুবনেতা অনিক মোল্লা, বিএনপি নেতা নরেন্দ্র নাথ মন্ডল, মনোজ কুমার মন্ডল, যুবদল নেতা কামাল শেখ, শ্রমিক দল নেতা মুরতাজ শেখ সহ স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।


সভায় প্রধান অতিথি মো: শহিদুল ইসলাম তৃণমূলের এই দাবি ও ক্ষোভকে সমর্থন জানিয়ে বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের আসল প্রাণ। বিগত দিনে কমিটি গঠনে যে ভুলত্রুটি হয়েছে এবং এর সুযোগ নিয়ে এলাকায় যে ঘের লুট, জমি দখল বা চাঁদাবাজি চলছে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা কোনো লোভী, লালসাপরায়ণ বা বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করব না। তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী, জনগণের সুখ-দুঃখের সাথী এবং একজন সৎ ও নিঃলোভ মানুষকেই আগামী নির্বাচনে ইউনিয়নের অভিভাবক হিসেবে বেছে নেওয়া হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আগামী নির্বাচনে সৎ ও ত্যাগী নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 
 

 

@bagerhat24.com