রামপালে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, পিতা আহত
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে ঘের থেকে পানি সরানোকে কেন্দ্র করে চাচাত ভাইদের হামলায় আহাদ আহমেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার পিতা শেখ ফরিদুজ্জামান (৫৯) গুরুতর আহত হয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে রামপাল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমির পানি সরানো কে কেন্দ্র করে আহাদ আহমেদদের পরিবারের সাথে তাদের চাচাতো ভাইদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। সকাল আনুমানিক ৭ টার সময় বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাই বাকিবিল্লা ও মাসুম লোহার রড দিয়ে সজোরে বুকে আঘাত করে আহাদকে। এসময় আহাদ সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং বুক থেকে অঝরে রক্ত ক্ষরণ হতে থাকে। এসময় সাথে থাকা তার পিতা ফরিদুজ্জামানকেও বেধড়ক মারপিট করে তাকেও বেধড়ক মারপিট করে।
এতে আহাদ আহমেদ ও তার পিতা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার পথেই আহাদের মৃত্যু হয়। গুরুতর আহত তার বাবা শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রসিদ জানান, জমি থেকে পানি সরানো সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ছেলে নিহত ও তার পিতা গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
