চিতলমারীতে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের অফিস উদ্বোধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের নিজস্ব অফিস উদ্বোধন ও অসুস্থ্য রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলার গোড়ানালুয়া এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা ও ধর্মীয় রীতি-নীতি মেনে পূজা-অর্চণা করা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ।
প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার কান্তি বৈরাগীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাওহিদুর রহামান, প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের সহ-সভাপতি টিটব বিশ্বাস, অসিত বড়াল, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রাসেল, স্থানীয় বিএনপি নেতা শিপলু শেখ ও হিরণ কাজী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘২০০৫ সালে এক দূর্ঘটনায় মাত্র ১৫ বছরে বয়সে প্রিয়াংকা মল্লিক পিংকি মারা যান। তাঁর স্মৃতি ও নাম অমর রাখতে পিংকি’র ভাই ফ্রান্স প্রবাসী দেব নারায়ণ মল্লিক রাজ ২০১৭ সালে ‘প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডশন’ প্রতিষ্ঠা করেন। সেই থেকে ফাউন্ডেশনটি অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক ভাবে কাজ করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহহীনদের গৃহ নির্মান, ভূমিহীনদের ভূমিদান, অসুস্থ্যদের চিকিৎসা, উপবৃত্তি প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, ঈদ উপহার, দুর্গা পূজোয় মন্দিরে অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও দুর্যোগে সাহায্যে সেবা করে যাচ্ছে।’
