Logo
table-post
ফকিরহাট হাসপাতালে অভিযান, দালাল চক্রের সদস্যের ১৫ দিনের কারাদণ্ড
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের একজন সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান টের পেয়ে এসময় বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের প্রতিনিধিরা পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন ভাবে প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব প্রতিনিধিরা। অভিযানে একটি ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিনিধি মো: ইয়াছিন (৩৭)কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ নেওয়াজ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর মাহমুদ অনিকসহ ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ নেওয়াজ বলেন, আটককৃতকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এই কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

@bagerhat24.com