Logo
table-post
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রি, গ্রেপ্তার ৩
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড অ্যাক্টিভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​গত ৩০ সেপ্টেম্বর রাত ১২:২৫ ঘটিকার দিকে বাগেরহাট সদর মডেল থানাধীন কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো: মামুন আলী খাঁ (৩০), মো: জিহাদ বিশ্বাস (২৩) এবং মো: লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কার্তিকদিয়া গ্রামে আসামি মামুন আলী খাঁ-এর বাড়িতে অভিযান চালায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ছাপ সম্বলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল কোম্পানির ভূয়া সিম নিবন্ধন করে আসছিল। পরবর্তীতে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও মোবাইল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:

​১টি ফিঙ্গার স্ক্যানার মেশিন

​৪টি USB পোর্ট

​২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড (ইনঅ্যাক্টিভ)

​১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সম্বলিত রাবারের কিট

​১টি প্লাস্টিক পেপারের উপর ৬টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপ

​নিবন্ধনের কাজে ব্যবহৃত ১টি কাগজের মার্কিং টেপ

​সিম বিক্রয়ের অ্যাপস সম্বলিত ১টি Infinix smart10, ১টি OPPO A77 এবং ১টি OPPO APH1909 মডেলের স্মার্টফোন।

​বাগেরহাটের পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

@bagerhat24.com