মোংলায় কৃষক দলের ১ নম্বর ওয়ার্ডে নতুন নেতৃত্ব
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা:
সংগঠন সুসংগঠিত করার লক্ষ্যে মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোংলা পৌর শাখার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় মোংলা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোংলা পৌর কৃষক দলের সভাপতি মো. সোহাগ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিকের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, "নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই দেশ ও মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে।" বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে উল্লেখ করেন, তিনি কৃষকদের কল্যাণে অল্প সময়ে স্বল্প জায়গায় ধান উৎপাদন বৃদ্ধি এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়, দেশ ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. ইকবাল মুনশি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন, সাবেক পৌর তাঁতী দলের সদস্য সচিব মনির হোসেন, মোংলা পৌর মৎস্যজীবী দলের সভাপতি মইনুল ইসলামসহ পৌর ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকরা।
সমাবেশ শেষে ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সিরাজুল ইসলামকে সভাপতি, মাহাবুব ইসলামকে সাধারণ সম্পাদক এবং বেল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয়।
