সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক: টোয়াস
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।
সংগঠনটি প্রকাশিত এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সোমবার (৫ অক্টোবর, ২০২৬) বিকেল সাড়ে ৫ টায় টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল সংবাদ সম্মেলনে মোংলা প্রেস ক্লাবের হল রুমে লিখিত বক্তব্য পাঠ করে তিনি প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিভিন্ন পত্রিকায় "সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা" শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। টোয়াস নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং বিষয়টি বন বিভাগও নিশ্চিত করেছে।
সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। সুন্দরবনের পর্যটক এবং পর্যটন খাত নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ভিত্তিহীন সংবাদ দ্রুত প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি, সঠিক তথ্যের ভিত্তিতে এবং সংবাদ সূত্র যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে টোয়াসের কার্যকরি সভাপতি মোঃ আল আমিন লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহেদী ইসলাম রকি,ঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম, সদস্য মোঃ ইমাদুল হাওলাদার,সদস্য সৈয়দ সাহরিয়ার তাকিম উপস্থিত ছিলেন।
