চুরি যাওয়া ষাঁড় উদ্ধারে ও আইনি প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে বাড়ির গোয়ালঘর থেকে চুরি যাওয়া একটি ষাঁড় উদ্ধার এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. মুরাদ শেখ নামে এক ব্যক্তি। একই সঙ্গে চুরির ঘটনায় তথ্য-প্রমাণ থাকার পরও মোল্লাহাট থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মুরাদ শেখ। তিনি উপজেলার ভান্ডারখোলা দক্ষিণপাড়া গ্রামের আবুল বাশার শেখের ছেলে।
লিখিত বক্তব্যে মুরাদ শেখ বলেন, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরি হয়। চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকারও বেশি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ঘটনার পর গরুটি উদ্ধারের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেন। পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব তথ্য-প্রমাণ নিয়ে মোল্লাহাট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের নিরুৎসাহিত করেছে বলে অভিযোগ করেন মুরাদ শেখ।
পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি। একজন সাধারণ নাগরিক হিসেবে অপরাধের শিকার হলে আইনগত প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে মুরাদ শেখ বলেন, চুরির ঘটনায় মামলা করতে না পারায় তিনি ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে তিনি চুরি যাওয়া ষাঁড়টি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মুরাদ শেখের মা জামিরোন্নেছা, স্ত্রী ফরিদা বেগম ও ছোট ভাই মো. রাকিব শেখ উপস্থিত ছিলেন।
