Logo
table-post
মোংলায় জমি দখলে বাধা, নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

পূর্ব দাবিকৃত চাঁদা না দেওয়া এবং পৈতৃক সম্পত্তি জবরদখলে বাধা দেওয়ায় মোংলায় এক নারীসহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী। ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের পশ্চিম দত্তেরমেঠ টাটিবুনিয়া এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে মোংলা থানায় উভয় পক্ষের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আহতদের পারিবার ও স্থানীয় বাসিন্দা জানায়, মিঠাখালীর পশ্চিম দত্তেরমেঠ টাটিবুনিয়া এলাকায় বসতভিটাসহ প্রায় ৪ একর পৈতৃক সম্পত্তি দীর্ঘ ৫০ বছর যাবত ঘের করে মাছ চাষ সহ ভোগদখল করে আসছিলেন ভুক্তভোগীরা। গত ৫-৭ বছর ধরে সেখানে তাঁরা স্থায়ী বাড়িঘর নির্মাণ করে সপরিবারে বসবাস করছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এই মূল্যবান সম্পত্তির ওপর কুদৃষ্টি পড়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে কামাল ইজারাদার, ফজলু শেখ, আসাদ মল্লিক, হারুন শেখ, মনোজ কুমার মন্ডল এবং কামালের দুই ছেলে বোরহান ও জুলফিকারের নেতৃত্বে প্রায় ১৫-২০ জনের একটি সুসংগঠিত সন্ত্রাসী দল দেশীয় রামদা, লাঠিসোটা ও লোহার রড নিয়ে আল মামুন শেখের বাড়িতে আকস্মিক হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং পুরো ঘরবাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় ঘরে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা।

 

সন্ত্রাসীদের এই অবৈধ জবরদখল ও ঘরবাড়ি ভাঙচুরে বাধা দিতে গেলে মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় হামলাকারীরা। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে নারীসহ ৬ জনকে গুরুতর জখম করে। হামলায় রক্তাক্ত জখম হয়—সালমা বেগম (৪০), আল মামুন শেখ (৩৫), চঞ্চল মন্ডল (৩৬), তন্নি বেগম (২৩), নাজমা (৪২) ও মিজু (২৩) সহ ৬ জন। আহতদের চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

খবর পেয়ে মোংলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

 

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মোংলা থানায় উভয় পক্ষের পক্ষ থেকে পাল্টা-পাল্টি দুটি অভিযোগ দায়েরের করা হয়েছে। 

 

মোংলা থানা ওসি আতিকুর রহমান জানিয়েছে, জমির মালিকানা ও হামলার ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

 

@bagerhat24.com