Logo
table-post
‘হাবিব বাহিনী’ আখ্যা দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বিভিন্ন গণমাধ্যমে ‘হাবিব বাহিনী’ আখ্যা দিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন মো: হাবিবুর রহমান হাবিব। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

​শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মো: হাবিবুর রহমান হাবিব।

​লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে (ডিবিসি নিউজ, বাংলা ভিশন, গ্রিন টিভি, এশিয়া পোস্ট ও এটিএন বাংলা) তাকে ‘হাবিব বাহিনী’র প্রধান হিসেবে উল্লেখ করে তাণ্ডব, হামলা, নির্যাতন, হুমকি, বাড়িঘর ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে। এ ধরনের সংবাদের ফলে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

​হাবিবুর রহমান দাবি করেন, ‘হাবিব বাহিনী’ নামে তার কোনো বাহিনী নেই। তিনি স্থানীয় জনগণের ভালোবাসায় পর পর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার সাধারণ মানুষের সামাজিক মেলামেশা ও সম্পর্ককে ‘বাহিনী’ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে আনীত হামলা, নির্যাতন, হুমকি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক। তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

​সংবাদে তার বিরুদ্ধে ডজনখানিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) থাকার যে দাবি করা হয়েছে, তা অসত্য উল্লেখ করে তিনি জানান, মোল্লাহাট থানার তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তে যদি তার বিরুদ্ধে তিনটির বেশি মামলা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে তা তিনি মাথা পেতে নেবেন। তিনি থানার সরকারি নথি ও সংশ্লিষ্ট আদালতের তথ্য যাচাই করে প্রকৃত সত্য প্রকাশের জোর দাবি জানান।

​সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অর্থের বিনিময়ে তাকে বাহিনীর প্রধান হিসেবে উপস্থাপন করা এবং রাজনৈতিক প্রতিহিংসাবশত স্থানীয় প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে এসব অসত্য তথ্য ছড়িয়েছে। বিশেষ করে, স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে এসআই মো: মাহফুজুর রহমান মিল্টন এবং সহকারী পাট-ক্রয় কর্মকর্তা ইমরান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গ্রামবাসীর লিখিত আবেদনের পর থেকেই তার বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার শুরু হয় বলে তিনি দাবি করেন।

​সংবাদ সম্মেলন থেকে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে তথ্য যাচাই-বাছাই করে সংশোধনী ও প্রতিবাদলিপি প্রকাশের আহ্বান জানান। অন্যথায় তার সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে আইনজীবীর সাথে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। পরিশেষে তিনি কোনো প্রতিহিংসা না চেয়ে নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানান।

 

@bagerhat24.com