আলী আকবর টুটুলকে নিয়ে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে জরুরি সভা করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। এতে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহসাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং নির্বাহী সদস্য আলী আকবর টুটুল, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবুল ও মো. কামরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, একজন জ্যেষ্ঠ ও পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রচার অত্যন্ত নিন্দনীয়। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং সাংবাদিক সমাজ ও মুক্তচিন্তার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয় করা কিংবা ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে তাঁর সম্মানহানি করার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।
জরুরি সভা থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। দাবি পূরণ না হলে বাগেরহাটের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সম্মানহানিকর কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
