বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা, স্লোগানে মুখর সড়ক
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা করেছে পৌর যুবদল। শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশ নেন।
বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়ার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র, দেশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখতে চায়।
শোভাযাত্রা শেষে শহরের শালতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।
পথসভায় আরও বক্তব্য দেন পৌর যুবদল নেতা জাহিদ শেখ, অজিত শেখ ও মো. খোকনসহ স্থানীয় নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
