Logo
table-post
মোংলা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলায় পশুর নদীতে গোসল করতে নেমে সাবিত খান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।রোববার বিকেলে মোংলা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাগেরহাট জেটি সংলগ্ন পশুর নদীতে এই মর্মান্তিক নিখোঁজের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর থেকেই পশুর নদীর বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌপুলিশের একাধিক তল্লাশি দল যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সোলিমাবাদ খানপাড়া এলাকার বাসিন্দা ফিলটার খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানায়, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস এবং বহনের কাজে নিয়োজিত ছিল ‘মেসার্স আল্লাহ সহায়’ নামের একটি বাল্কহেড কার্গো। সাবিত খান ওই বাল্কহেড কার্গোতে এস্কর্ট (নিরাপত্তাকর্মী বা প্রতিনিধি) হিসেবে দায়িত্ব পালন করতে সম্প্রতি গত দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোংলায় আসেন। সেই সময় থেকেই ওই বাল্কহেডে তিনি খাওয়া দাওয়া করতেন বলে জানায় বাল্কহেড মাস্টার। 

রবিবার বিকেলে তিনি শহরের বাগেরহাট জেটি সংলগ্ন পশুর নদীর ঘাটে গোসল করতে নামেন। উপকূলীয় এই নদীতে জোয়ার-ভাটার কারণে সবসময়ই প্রবাল স্রোত প্রবাহমান থাকে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের টানে তিনি তলিয়ে তলিয়ে যায়। আশপাশের মানুষ বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যেই তিনি নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে দৃষ্টির আড়ালে চলে যান।

ঘটনার খবর পাওয়ার পরপরই মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্ট গার্ড পশ্চিম জোন এবং স্থানীয় নৌপুলিশ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের খুলনা বিশেষ ডুবুরি দল ও কোস্ট গার্ডের দ্রুতগামী উদ্ধারকারী বোট নদীর সম্ভাব্য পয়েন্টগুলোতে বিস্তৃত আকারে তল্লাশি চালাচ্ছে।

উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা দেলোয়ার হোসেন জানান, জোয়ারের প্রবাল স্রোত এবং নদীতে পানির নিচে ঘোলাটে পরিবেশ থাকার কারণে ডুবুরিদের নদীর তলদেশে কাজ করতে বেশ প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। তবুও ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা হাল না ছেড়ে পশুর নদীর ভাটির দিকে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে  সুন্দরবনের দুবলার চরে সাগরের পানিতে গোসলে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছিলেন। একটানা ৫৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ও দীর্ঘ যৌথ অভিযান শেষে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা সুন্তরবনের চর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা পশুর নদী ও সংলগ্ন উপকূলীয় এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ও প্রশাসন নদীতে গোসল করা বা চলাচলের ক্ষেত্রে পর্যটক, জাহাজ শ্রমিক ও স্থানীয় অধিবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড কথা অনুযায়ী, রাত ঘনিয়ে আসলেও এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নিখোঁজ সাবিত খানের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সদস্যরা যতক্ষন পর্যন্ত নিখোঁজ সাবিতের সন্ধান না পাবে ততক্ষন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বরে জানায় তারা। 

 

@bagerhat24.com