Logo
table-post
শিকারীর ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের নন্দবালা এলাকায় শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল। প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় হরিণটিকে ফাঁদ থেকে মুক্ত করার পর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে বনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

চাদঁপাই বন বিভাগ জানায়, রোববার (৯ নভেম্বর) দুপুরের দিকে নন্দবালক অফিস এলাকার চারাখালী ভারানী খালের বনাঞ্চলে বনরক্ষীদের নিয়মিত টহল দেওয়ার সময় ফাঁদে আটকে থাকা হরিণটি দেখতে পান তারা। ফাদেঁ আটকে পরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনের হারবাড়িয়া বিসিজি স্টেশনে খবর দেয়া হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে ফাঁদের শক্ত দড়ি কেটে হরিণটিকে উদ্ধার করে। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় ফাঁদমুক্ত করা সম্ভব হয়।

উদ্ধারের পর হরিণটিকে কোস্ট গার্ডের জাহাজে এনে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা দেয়ার পর কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে বিকেলে নন্দবালা অফিস এলাকার শিলার খালের গভীর বনের নিরাপদ স্থানে সেটিকে অবমুক্ত করে তারা। ছেড়ে দেয়ার পর হরিণটি স্বাচ্ছন্দ্যে বনের গহিনে চলে যায়।

এ ব্যাপারে চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ বলেন, সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে এ ধরনের ফাঁদ পাতা একটি গুরুতর অপরাধ। কারা এই ফাঁদটি পেতেছে, তা শনাক্ত করতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, হরিণ সুন্দরবনের প্রাণ। হরিণ না থাকলে বাঘ থাকবে না, আর বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না। এই শিকারি চক্রকে ধরতে আমরা কঠোর অবস্থানে আছি।

অন্যদিকে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের সঙ্গে যৌথ এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যপ্রাণী শিকার, বিষ দিয়ে মাছ শিকার এবং বন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোস্ট গার্ড গোয়েন্দা বিভাগ। 

 

@bagerhat24.com