৩০ ঘণ্টা পরও নিখোঁজ সাবিতের সন্ধান মেলেনি, ২৫ কিমি জুড়ে চলছে তল্লাশি
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
ঘষিয়াখালী ক্যানেল মোংলা নদীর বাহেরহাট জেটি সংলগ্ন এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বাল্কহেড স্কট সাবিত খানের (২০) ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো সন্ধান মিলাতে পারেনি ইদ্ধারকারী বাহিনীর সদস্যরা। নিখোঁজ যুবকের সন্ধানে পশুর নদীর হারবাড়িয়া, জয়মনি, চিলা, ঢাংমারী ও বানিয়াশান্তা সহ প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজের সন্ধান পেতে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে।
৮ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা শহরের বাহেরহাট জেটি সংলগ্ন মোংলা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তোড়ে ভেসে যান সাবিত খানঁ নামের এক যুবক।
নিখোঁজ সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সেলিমাবাদ এলাকার ফিলটার খানের ছেলে। তিনি মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজে কয়লা লোড করার কাজে নিয়োজিত ‘মেসার্স আল্লাহ সহায়’ নামের একটি বাল্কহেড কার্গোতে স্কট হিসেবে যোগ দিতে বাড়ি থেকে মোংলায় এসেছিলেন।
সাবিতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৩ দিন যাবত ওই বাল্কহেডে অবস্থান নিয়েছিল সাবিত। বাল্কহেডটিতে বালু বোঝাই থাকায় জাহাজে কয়লা লোড করকে একটু বিলম্ব হচ্ছিল। মোংলায় বালু খালাসের একদিন পর কয়লা লোডে যাওয়ার কথাছিল।
ঘটনার দিন বিকেলে বাল্কহেড থেকে নদীর পাড়ে গোসলে নামেন সাবিত। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যান। সহকর্মীরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে ঘটনার দিনই উদ্ধার অভিযান শুরু করে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুইটি টিম। তবে প্রথম দিনে নদীর প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে নিখোঁজ যুবকের কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে উদ্ধার কাজে গতি আনতে ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের দুটি বিশেষ ডুবুরি দল।
উদ্ধার অভিযানের বিষয়ে মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পেশাদার ডুবুরি দল আমাদের সাথে যোগ দিয়েছে। নদীর স্রোতের গতি বিবেচনা করে বাহেরহাট জেটি এলাকা থেকে শুরু করে প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। নদীর বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হচ্ছে যেন কারো চোখে কোনো সলিল সমাধি বা ভেসে থাকা দেহ নজরে আসলে দ্রুত খবর দেন।
এদিকে সাবিতের নিখোঁজের সংবাদে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মোংলা পশুর নদীর তীরে স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন অবস্থায় অপেক্ষা করছেন।
রেসকিউ টিম সূত্রে জানানো হয়েছে, নদীর তলদেশে তীব্র স্রোত ও পলি থাকার কারণে ডুবুরিদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
