চিতলমারীতে চাহিদা মত সার পেয়ে কৃষকরা খুশি: মজুদ ৮১৩ মেট্রিক টন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে আমন ধান ও আগাম শীতকালিন সবজি চাষে চাহিদা মোতাবেক সার পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন। এখনও (১১ নভেম্বর) এ উপজেলায় বিভিন্ন প্রকারের ৮১৩ মেট্রিক টন সার মজুদ রয়েছে। উপজেলা কৃষি দপ্তরের সুষ্ঠ ব্যবস্থাপনা ও তদারকির কারণে এমন সুফল মিলেছে বলে সবজি চাষিরা মনে করছেন। তাই তাঁরা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলা প্রায় ৩০ হাজার কৃষক পরিবার রয়েছে। এদের অধিকাংশই সবজি চাষের সাথে জড়িত। এখানে চলতি মৌসুমে ৩ হাজার ৬২ একর জমিতে আগাম শীতকালিন সবজি চাষ হয়েছে। সেই চাষে সার প্রয়োগে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানাবিধ পরামর্শ দেওয়া হচ্ছে। যার ফলে সুষম সার প্রয়োগ ও ডিলার পর্যায়ে তদারকির কারণে এখানে এখন পর্যন্ত সারের কোন ঘাটতি পড়েনি। উপরন্ত বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এখানে ২৪০ মেট্রিক টন ইউরিয়া, ১৭৩ মেট্রিক টন টিএসপি, ২১০ মেট্রিক টন ডিএপি ও ১৯০ মেট্রিক টন এমওপি সার বিভিন্ন ডিলারের গুদামে মজুদ রয়েছে। আর সবজি ও আমন ধান চাষে চাহিদা মোতাবেক সার পেয়ে এ উপজেলার কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলার কীর্তনখালী গ্রামের কৃষক সুধাংশু মন্ডল, খড়মখালী গ্রামের ক্ষিতিষ রায় ও সমির মন্ডল বলেন, ‘আমাদের এই উপজেলায় আগাম শীতকালিন সবজি হিসেবে টমেটোসহ নানা রকম সবজি আবাদ করা হয়। ফসল অনুযায়ী সারের চাহিদা কখনও বাড়ে, আবার কখনো কমে। এ বছর আমরা চাহিদা মতো সার পেয়ে খুব খুশি। অনেকেই মনে করে জমিতে বেশি সার দিলে ফসল ভালো হয়। কিন্তু এই ধারণাটি ভুল। জমির উর্বরতা, পরিবেশ ও আবাদি ফসলের ওপর নির্ভর করে জমিতে সার দিতে হয়। এই শিক্ষাটা কৃষি অফিসের লোকজন আমাদের দিয়েছেন।’
হিজলা ইউনিয়নের সার ডিলার মাওলানা সোহেল শেখ বলেন, ‘উপজেলা কৃষি অফিসের লোকজন সব সময় এসে সারের খোঁজ-খবর নেন। তারা নিয়মিত তদারকি করছেন। সরকারি নির্দেশনা মেনে আমরা কৃষকদের সার দিচ্ছি।’
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ বলেন, ‘সার বিতরণে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি। ওইসব অভিযোগ আমলে নিয়েই মূলত সার বিতরণ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করি। সঠিক ভাবে ইউনিয়ন ও ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন। যার সুফল আমরা পাচ্ছি।’
