সুলতানার প্রভাবে খাজনা দিতে না পেরে তিন পরিবারের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা মল্লিকের ক্ষমতার প্রভাবে নিজেদের নামে বন্দোবস্তকৃত জায়গার খাজনা দিতে পারছেন না তিনটি অসহায় পরিবারের সদস্যরা। ওই নেত্রীর হয়রানীর শিকার হয়ে তাঁরা এখন সুবিচারের আশায় পথে পথে ঘুরছেন। ওই পরিবারের সদস্যরা ন্যায় বিচার পেতে আইন ও বিচার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেড কোয়াটার, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ ১১টি দপ্তরে লিখিত আবেদন করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে এ সব তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করে উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের মোঃ নওশের মল্লিকের ছেলে মোঃ এমদাদুল হক মল্লিক জানান, পেশায় তিনি একজন দিনমজুর। তিনি ও তার চাচা মোঃ রব মল্লিক এবং প্রতিবেশী তোতামিয়া শেখ চিতলমারী উপজেলা ভূমি অফিস হতে ১১/১৩-১৪(৭৪বি)/১৪ নং কেসের মাধ্যমে কুরমনি মৌজায় এস এ ১নং খাতিয়ানে ২৯৬/৫৫ নং দাগে ২০ বর্গমিটার, ১৪/১৩-১৪(৭৭বি)/২০১৪ নং ২৯৬/৫৮নং দাগে ২০ বর্গমিটার ও ১২/১৩-১৪(৭৫বি)/২০১৪ নং কেসের মাধ্যমে কুরমনি মৌজায় এস এ ১নং খাতিয়ানে ২৯৬/৫৬ নং দাগে ২০ বর্গমিটার অকৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহণ করেন। উক্ত জায়গার সামনে তাদের প্রতিবেশী প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সুলতানা মল্লিকের জায়গা হওয়ায় তারা মিলেমিশে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতী চিতলমারী বাজার সংলগ্ন মরা চিত্রা নদী খননের সময় মাটির স্তুপ জমা হয়। উক্ত স্থানে সরকারীভাবে রাস্তা নির্মাণ করার পরে তাঁরা উভয় মিলে মাটির স্তুপ কেটে জমি সমান করে আধাপাঁকা টিনসেড দোকানঘর নির্মাণ করেন। নিরাপত্তার স্বার্থে মার্কেটের উভয় দিকে দুটি গেটও নির্মাণ করা হয়। বর্তমানে উক্ত গেট দুটিতে তালা মেরে সুলতানা মল্লিক তাঁদেরকে মার্কেটে প্রবেশের বাধা সৃষ্টি করছে। যা সম্পূর্ণ অন্যায় ও ক্ষমতার অপব্যবহার। এমতাবস্থায় তাঁরা গত ২১/০৯/২০২৬ ইং তারিখ তাঁদের ওই বন্দোবস্তকৃত জায়গার খাজনা পরিশোধের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। কিন্তু চিতলমারী উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ অদ্যাবধি জমির খাজনা নেয়নি। ফলে তাঁরা সুবিচার পেতে গত ১১/১০/২০২৬ ইং তারিখ ১১টি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে প্রভাবশালী সুলতানা মল্লিকের দাপট ও হয়রানিতে তারা দিশাহারা হয়ে সুবিচারের আশায় পথে পথে ঘুরছেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মোঃ রব মল্লিক, মোঃ বাসার শেখ ও রহিমা বেগম। সংবাদ সম্মেলনে তাঁরাও সুলতানা মল্লিক ও তার দলখদার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে সুলতানা মল্লিক মুঠেফোনে বলেন, ‘ওই জায়গা আমার নিজেস্ব ছয়জনের নামে ৩ শতক জমি বন্দোবস্ত নেওয়া। খাস জমি বন্দোবস্ত নিলে দখলে থাকতে হয়। তাঁরা দখলেও নেই খাজনা ও পরিশোধ করেন না। তাছাড়া তাদের জায়গার উপর দিয়ে সরকারি রাস্তা করা হয়েছে। আমার জায়গায় মার্কেট রয়েছে।’
চিতলমারী উপজেলা সহকারি কমিশনা (ভূমি) মোঃ নাঈম আশরাফ বলেন, ‘ ওই জায়গা নিয়ে আমরা উভয়পক্ষের পৃথক পৃথক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলমান। তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
