বাগেরহাটে ১০৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট সদর উপজেলার পশ্চিম দেপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ শেখ আলমগীর হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর ২০২৬ খ্রি.) রাত ৮ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাটের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত শেখ আলমগীর হোসেন বাগেরহাট সদর থানাধীন পশ্চিম দেপাড়া এলাকার মৃত শেখ সেরমান হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দেপাড়া এলাকায় অভিযান চালিয়ে শেখ আলমগীর হোসেনকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩১,০০০ (একত্রিশ হাজার) টাকা জব্দ করা হয় ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
