Logo
table-post
পরিচয় ও সম্পত্তির অধিকারের দাবিতে পিতার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে নিজ ঔরসজাত সন্তানকে পালক পুত্র আখ্যা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মাতৃ-পিতৃ পরিচয় ও সম্পত্তির অধিকারের দাবিতে পিতা মোঃ আশরাফ আলী শেখের বিরুদ্ধে ছেলে মোঃ জামশেদ আলী সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রোজিনা স্টীলের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে মোঃ জামশেদ আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র আইনজীবি জহিরুল ইসলাম পলাশ। 


লিখিত বক্তব্য পাঠ করে আইনজীবি জহিরুল ইসলাম পলাশ জানান, চিতলমারী সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা মোঃ আশরাফ আলী শেখ ও সেবিকা জাহানারা বেগম দম্পতির দুই সন্তান। একমাত্র ছেলে মোঃ জামশেদ আলী (৩৩) ও একমাত্র মেয়ে জুথি (৩০)। তাঁদের মা জাহানারা বেগম অবসর গ্রহনের পর গত ১৭ মার্চ ২০২৪ ইং সালে মারা যান। মৃত্যু পর তাঁরা তিনজনে কলেজ রোডের বাড়িতে বসবাস করেন। পরবর্তীতে জাহানারা বেগমের ব্যাংক একাউন্টে গচ্ছিত টাকা উত্তোলনের জন্য মোঃ আশরাফ আলী সাকসেশন মামলা (মিস-৪৯/২০২৪) দায়ের করেন। আদালত থেকে রায় ও সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে তারা তিনজনে রায়ের আলোকে হিস্যা অনুযায়ী টাকা ভাগ করে নেন। সম্প্রতি জামশেদ ও জুথির মামা বাদশা মিয়া শেখ এবং তার স্ত্রী ফরিদা বেগমের কুপ্ররোচনায় জামশেদের পিতার সম্পত্তি থেকে তাকে বাদ দিয়ে বোন জুথি আক্তারের নামে ওই বাড়ির ৩ একর ৭ শতক রেজিস্ট্রি করে দিয়েছে। উক্ত জমি তাঁরা একটি জাল ওয়ারিশ কায়েম সার্টিফিকেট দিয়ে মিউটেশন করেছে। এ ঘটনা জানতে পেরে জামশেদ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে আবেদন করেছেন। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনারের (ভূমি) কাছে জন্য প্রেরণ করেছেন। এ ছাড়া মিউটেশন বাতিলের জন্য একটি আবেদন করা হয়েছে।


লিখিত বক্তব্য পাঠ শেষে মোঃ জামশেদ আলী কান্নাজড়িতকণ্ঠে সাংবাদিকদের জানান, ‘জন্মের পর থেকে আমি এই বাড়িতে বেড়ে উঠেছি। এখানে আমার শিশু কৈশোর এবং যৌবনকাল অতিবাহিত হয়েছে। আপনারা সকলেই আমাকে চেনেন এবং জানেন। আমি এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছি। শিশুকালে আমার পরিচয় হিসেবে আমার জন্ম নিবন্ধনে আমার পিতার নাম, মাতার নাম লিপিবদ্ধ আছে। পরবর্তীতে আমার যৌবনকালে আমার জাতীয় পরিচয় পত্র, আমার সকল পরীক্ষার সার্টিফিকেটে যথাযথভাবে আমার পিতা এবং মাতার নাম সন্নিবেশিত হয়েছে। সর্বোপরি আমার মাতার মৃত্যুর পরবর্তীতে আমার পিতা মোঃ আশরাফ আলী শেখ বিজ্ঞ ডিস্ট্রিক্ট ডেলিগেট কোটে অর্থাৎ দেওয়ানি আদালতে নিজে বাদী হয়ে তাহার এবং আমার মায়ের উত্তরাধিকার নির্ধারণ করেছেন। এখন যার ঔরসে আমার জন্ম সেই জন্মদাতা পিতা, আমার মাম-মামী আমার মায়ের মৃত্যুর দীর্ঘ সময় পরে সম্পত্তির থেকে বঞ্চিত করার হীন মানসিকতায় আজকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কল্প-কাহিনী তৈরি করে একটি ন্যারেটিভ বক্তব্য সমাজের কাছে উপস্থাপন করার অপচেষ্টা করতেছে। এটা মূলত আমাকে আমার মায়ের অংশ থেকে বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে। পিতার সম্পত্তি থেকে তো আমাকে ইতিমধ্যে বঞ্চিত করেছেন। অর্থাৎ আমার বোনকে প্রায় সব দিয়ে দিয়েছেন। বাকি যেটুকু আছে পিতার তদুপরি আমার মায়ের নামে যে জমি আছে সেখান থেকে যাতে করে আমি তার অংশ নিতে এখানে না আসি, লজ্জায় ভয়ে আমি এখান থেকে চলে যাই এরকম হীন উদ্দেশ্যেই আমার মামা-মামীর ষড়যন্ত্রে আমার পিতা এহেন মিথ্যা ও জঘন্য দরখাস্ত আমার বিরুদ্ধে দিয়েছেন। আপনারা জাতির বিবেক আপনাদের সুচিন্তিত মতামত এবং লেখনীর মাধ্যমে আপনারা আগামী দিনে আমাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবেন। যাতে আমার পিতা ফিরে এসে সহমর্মিতার মাধ্যমে আমাকে গ্রহণ করে এবং আমিও আমার পিতৃ এবং মাতৃ পরিচয় যথাযথভাবে প্রকাশ করতে পারি।’


সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামশেদ আলীর খালাতো বোন লাইজু আক্তার, নাসরিন আক্তার, এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব মন্টু খান ও মোহন খান। 


এ ব্যাপারে মোঃ আশরাফ আলী শেখ বলেন, ‘আমি চট্রগ্রামের পতেঙ্গায় থাকা কালিন জানতে পারি আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে। সেই সন্তান কে আমি পাহাড়ে দাফন করি। পরে আমার স্ত্রী জানায় হাসপাতালে একটি পুত্র সন্তান পেয়েছি। সেই সন্তানই জামশেদ। যাকে আমরা লালন-পালন করে বড় করেছি।’ 
 

 

@bagerhat24.com