Logo
table-post
চিতলমারীতে স্কুল শিক্ষিকাকে মারপিটের অভিযোগ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে মুসলিমা আক্তার (৩০) নামের এক স্কুল শিক্ষিকাকে মারপিটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫ টার দিকে তিনি এ মারপিটের শিকার হন। আহত ওই শিক্ষিকা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। মুসলিমা আক্তার হিজলা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও কাননচক গ্রামের মৃত মোজাফ্ফর খানের মেয়ে। এ ঘটনায় আহত মুসলিমা বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তবে ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।


আহত মুসলিমার বড় বোন মৌসুমী খান জানান, তারা পিতা মোজাফ্ফর হোসেনের ক্রয়কৃত ৭২ শতক জমি তারা ভোগ করে আসছেন। মঙ্গলবার ভোরে প্রতিবেশী সিরাজ মোল্লা, গাউস মোল্লা, মনির মোল্লা ও লায়েক মোল্লার নেতৃত্বে বেশ কিছু লোক ওই জায়গা থেকে ২২ শতক জায়গা বেড়া দিয়ে ঘিরে একটি ঘর তুলে দখল নেয়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে তার ছোট বোন মুসলিমা দখলকারীদের মারপিটে আহত হন। আহত মুসলিমাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


প্রতিপক্ষ সিরাজ মোল্লা বলেন, ‘ওই জায়গা তার পিতা আব্দুল হাকিম মোল্লার ক্রয়কৃত। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। তাই আমরা দখল নিতে বাধ্য হয়েছি।’


চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম বলেন,‘এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ #
 

@bagerhat24.com