বাগেরহাটে একই রাতে বিএনপি কার্যালয় ও আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, উত্তেজনা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে একই রাতে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির একটি ব্যবসাপ্রতিষ্ঠান। একই রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় কার্যালয়টি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ১৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে খানপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানটির বেশ কিছু অংশ পুড়ে যায় এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
অন্যদিকে, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে কার্যালয়টি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
একই রাতে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট দুটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় খানপুর ইউনিয়নজুড়ে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, অগ্নিসংযোগের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
