বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
টানা বৃষ্টি আর দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। রোববার ২২ নভেম্বর ভোর ৫টায় বনবিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে প্রয়োজনীয় পাস (অনুমতি) নিয়ে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
দুপুরের পর দুবলার চরের আলোরকোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে জানান বন বিভাগ। সকাল থেকেই কখনও ভাড়ী আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আকাশসহ বৈরী আবহাওয়া বিরাজ করলেও পুণ্যার্থীদের ধর্মীয় উচ্ছ্বাস ও আগ্রহে কোনো কমতি দেখা যায়নি।
পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ঐতিহ্যগতভাবে রাস পূর্ণিমা ঘিরে দুবলার চরে ধর্মীয় আচারের পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবারও এসব থাকছে না। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ কিংবা সাধারণ পর্যটকদের (ট্যুরিস্ট) দুবলার চরে যাতায়াত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বনবিভাগের নির্দেশনা অনুযায়ী, পুণ্যার্থীদের কেবল পূজা ও পুণ্যস্নান সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসতে হবে যারা এ রাশ উৎসবে যাবে।
পরিবেশ সুরক্ষা ও বাড়তি নিরাপত্তা সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: রেজাউল করিম চৌধুরী জানান, কেবল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই নির্ধারিত রাজস্ব পরিশোধ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা দিয়ে বনবিভাগের পাস সংগ্রহ করেছেন। পূর্বনির্ধারিত নৌপথে একত্রিত হয়ে রোববার ভোরে বনবিভাগের তত্ত্বাবধানে তারা দুবলার চরে রওনা হন এবং নিয়োমানুযায়ী ফেরার পথেও একই রুট অনুসরণ করতে হবে।
তিনি আরও জানান, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী বিশেষ করে হরিণ শিকার প্রতিরোধ এবং প্লাস্টিক ও পলিথিন বর্জ্যজনিত দূষণ ঠেকাতেই এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে পুণ্যার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এবং উৎসব নির্বিঘ্ন রাখতে বনবিভাগের পাশাপাশি পুলিশ, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
বনবিভাগের পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্দিষ্ট নৌপথ অনুমোদন দেওয়া হয়েছে। পথগুলো হলো—বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী, বল নদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর, কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চরে যাবে, নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর, ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর; এবং বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চরে পৌছাবে দর্শনার্থীরা।
রাস উৎসবের ইতিহাস, ঐতিহ্য ও জনশ্রুতি অনুযায়ী, অষ্টাদশ শতকের শেষভাগ অথবা ঊনবিংশ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী সুন্দরবনের দুবলার চরে এই রাস পূজার গোড়াপত্তন করেন। সেই থেকে দীর্ঘদিন ধরে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে আলোরকোলে রাস পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে। প্রাকৃতিক প্রতিকূলতা ও বৈরী আবহাওয়া সত্ত্বেও প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থী সাগরপাড়ের এই নির্জন চরে সমবেত হন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও প্রার্থনায় মগ্ন হওয়ার জন্য।
